আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা রাজনৈতিক কৌশল। সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।

আজ (০৭ মার্চ) রোববার সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

এ সময় তার সাথে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ওবায়দুল কাদের বলেন, যারা ৭ মার্চকে নিষিদ্ধ করেছিল, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এটি তাদের রাজনৈতিক কৌশল।

এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এমবি