প্রয়াত কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে রাজধানীর ইন্দিরা রোডস্থ ফিরোজা বেগমের বাসভবনে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেছেন, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ছিলেন ফিরোজা বেগম। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিল। কিন্তু সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেনি। কারণ এই সরকার গুণীজনদের সম্মান করতে জানে না।
দীর্ঘ প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন তিনি। এসময় খালেদা জিয়া ফিরোজা বেগমের ভাই সাবেক সচিব আসাফ-উদ-দৌলা এবং তার তিন ছেলে তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদসহ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্তনা দেন। শোক কাটিয়ে উঠতে তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।
এসময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক, সেলিমা রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাস সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ৮৪ বছর বয়সে মারা যান ফিরোজা বেগম।
ঢাকা, এমএইচ, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





