আধিপত্য বিস্তার ও কৃষকদের ফসলী জমি থেকে বালু উত্তোলনে বাধা দেয়াকে কেন্দ্র করে সোনারগাওঁয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন টেটাবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় একক আধিপত্য বিস্তার ও কৃষকদের ফসলী জমি থেকে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ওসমানের বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে শনিবার ৪০ থেকে ৫০ জনের আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা একত্রিত হয়ে রামদা, টেটা, বল্লম, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাঁধে ।
এতে বিএনপির ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, জিলানী মেম্বার, নুরুল ইসলাম, তাজুল ইসলাম, সাধু মিয়া, শামসুল হক, মহসিন মিয়া, সাত্তার মিয়া, পাখি আক্তার ও রিনা আক্তার এবং আওয়ামী লীগের মফিজ উদ্দিন, আলী আজগর ও মাসুদ মিয়া নামে ৩ জন কর্মী টেটাবিদ্ধ হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
দফায় দফায় সংঘর্ষে আওয়ামী লীগ নেতাদের হামলায় বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগ নেতারা বিএনপির সমর্থিত দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, সাধূ মিয়া, আলী মিয়া, শাহ আলী, রিনা আক্তার, কুদ্দুস মিয়াসহ ১০ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।
বিএনপি নেতা দেলোয়ার হোসেন জানান, বালু উত্তোলনে বাধা দেওয়ায় আওয়ামী সন্ত্রাসী ওসমান মেম্বারের নেতৃত্বে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করে। বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তারা জেলেদের কাছ থেকে চাদাঁ দাবি করে। আমরা আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে এলে সেখানেও সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।
আওয়ামী লীগ নেতা ওসমান মিয়া জানান, পূর্ব শত্রতার জের ধরেই তারা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করেছে।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





