সরকারের প্রত্যক্ষ মদদে গভীর নিল নকশার অংশ হিসেবে টোকাই ও উচ্ছিষ্টদের নিয়ে গঠিত প্রকৃত বিএনপি নামের রাজনৈতিক দল দিয়ে বিএনপি অফিসে হামলা করানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্নের সুরে বলেন, ‘প্রকৃত বিএনপি’ নামে নাকি আবার কোন রাজনৈতিক দল আছে।

তিনি এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, টোকাইদের নিয়ে গঠিত ওই রাজনৈতিক দলের আকস্মিক হামলায় বিএনপির ১৪/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার ঘটনা তদন্ত দাবি করে দায়ীদের শাস্তির দাবি করেন রিজভী।

তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। এই টোকাইদের নিয়ে গঠিত দল দিয়ে বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলকে মুছে ফেলা যাবে না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।

 

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ‘বিএনপির পুনর্গঠনের কথিত নেতা’ কামরুল হাসান নাসিমের নেতৃত্বে দেড়শ’ নেতাকর্মী হাতে স্ট্যাম্প ও মাথায় পতাকা বেঁধে পল্টন থানার সামনের এলাকা থেকে কেন্দ্রীয় কার্যালয় দখলে আসতে থাকেন। সেসময় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বিএনপির প্রায় তিনশ’ নেতাকর্মী। ‘কথিত আসল বিএনপি’র কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেই তাদের ধাওয়া দেন বিএনপির নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে নয়াপল্টন এলাকা থেকে সরে যান ‘কথিত আসল বিএনপি’র কর্মীরা।

 

এসএইচ,এমএইচ