রাজধানীর ডেমরা, উত্তরা, কাফরুল ও পল্লবীতে অবরোধের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় অবরোধকারীরা ৩টি গাড়ি ভাংচুর ও ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিল করে ২০ দলীয় জোট ডেমরা থানা।

শিবিরের কেন্দ্রীয় পরিক্লপনা সম্পাদক শাহিন আহমদ খান ও তৃনমূল বিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন ভুইঁয়া নান্টুর নেতৃত্বে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ি সড়কের ডেমরা রেনোভা হাসপাতাল থেকে শুরু হয়ে ফার্নিচার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুঈনুদ্দিন মৃধা, জামায়াতের ডেমরা থানা আমির হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া সকাল ৭টায় বিআরটিএ'র সামনে কাফরুল থানা জামায়াত মিছিল করে। এ সময় অবরোধকারীরা ৫টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায় এবং ৩টি গাড়ি ভাংচুর করে।
এদিকে পল্লবীতে সাড়ে ৭টায় মিছিল করে পল্লবী থানা জামায়াত। এ সময় নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়।

সকাল ৮টায় মিছিল করেছে জামায়াতে ইসলামী উত্তরা থানা। জামায়াত নেতা মনিরুল হক এবং মহিবুল্লাহ খানের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি রেললাইন এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা মো. আইউব, মনোয়ার হোসেন, জাকিরুল ইসলাম, মো. জোবায়ের প্রমুখ।

এদিকে সকাল ৮টার দিকে গুলশানের নর্দ্দায় মিছিল ও ভাংচুর করেছে ছাত্রশিবির। এ সময় তারা রাস্তায় আগুন দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে নেতাকর্মীরা।

মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবির নেতা জামিল মাহমুদ, আশিকুর রহমান আসিফ ও ইফতেখারুল ইসলাম শাকিল প্রমুখ।

মতিঝিল: রাজধানীর মতিঝিলে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, কয়েকজন লোক এসে হঠাৎ করে বাসটিতে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনশ্রী: রাজধানীর বনশ্রীতে রবরব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪/৫ জনের একটি দল রবরব পরিবহনের গাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার।

ধানমন্ডি: অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় একটি গাড়ি ভাঙচুর করেছে তারা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টহল টিম গেছে। আমিও এখন ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

মৌচাক: মৌচাক ও নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অপরদিকে একই সময় নিউমার্কেট নীলক্ষেত মোড়ে নিউ সুপার সার্ভিস নামে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ইআর, জেএ