তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “আগুনে মানুষ পোড়ানোর আসামি বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার।

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নতি ও শান্তির পথে আর এগুবে না। বেগম খালেদা হচ্ছে রাজনীতির শনি ও দুষ্টগ্রহ। সরকারের সমালোচনা করার আগে আগুনে মানুষ পোড়ানোর আসামি ওই বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার সিদ্ধান্ত নিতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, “ক্ষমতা পাগল, রাজাকার পাগল বেগম খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তার কাছে মুসল্লিদের ইজতেমা ও বাচ্চাদের পরীক্ষারও দাম নেই। পৃথিবীর অন্যদেশে এ রকম উন্মাদ নেতা-নেত্রীকে যেভাবে মোকাবেলা করা হয় সেভাবেই বাংলাদেশে মোকাবেলা করা হবে।”

ঢাকায় টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, “এটা নিয়মিত বৈঠকের অংশ। এ বৈঠক থেকে নাশকতা বন্ধে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।”

পরে সার্কিট হাউজে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আহম্মেদ আলী প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএ