গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে একজন ইতালীয় নাগরিক নিহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদানের মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “বিভিন্ন দেশের নাগরিক যারা বাংলাদেশে কর্মরত আছেন তারা আমাদের সম্মানিত মেহমান। তাদের জানমালের নিরাপত্তা বিধান করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকার তার এ দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
ইতোপূর্বে গুলশান এলাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তৎপর হলেও পরবর্তীতে সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলে এ গুলশানেই আবার একজন ইতালীয় নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ দেশের সকল জনগণের জনগণের জানমালের হেফাযত করা। বিশেষ করে বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। কিন্তু বর্তমান সরকার তার গদি রক্ষার কাজে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত রেখেছেন।
ফলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায় এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। ফলে বিদেশী নাগরিকসহ সাধারণ জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই।
সরকারের একগুঁয়েমির কারণে দেশবাসীকে চরম খেসারত দিতে হচ্ছে। সরকার নিজেই বাংলাদেশে জঙ্গি তৎপরতার জিকির তুলে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরছে।
আমি গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করা এবং ইতালীয় নাগরিকের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের বিরোধী দলগুলোকে কার্যকর কোন ভূমিকা পালন করতে না দিয়ে সরকার ইচ্ছামত অপকর্ম করে যাচ্ছে।
আর এর মাশুল দিতে হচ্ছে দেশের জনগণকে। এভাবে কোন দেশ চলতে পারে না। তাই সরকারের উচিত গণতন্ত্রের পথে ফিরে এসে আইনের শাসন কায়েম করা যাতে বিরোধী দলও দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে। সরকার দেশ যেভাবে পরিচালনা করছে তাতে ধ্বংস ছাড়া আর কিছ্ইু আশা করা যায় না।
আমি নিহত ইতালীয় নাগরিকের পরিবার-পরিজন ও ইতালীয় সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এসএইচ





