রাজধানীর আমিন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী। এসময় সেখান থেকে ৩ অবরোধ কারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমিন বাজারে সড়ক অবরোধ করে সমাবেশ করে জামায়াত নেতাকর্মীরা।
এসময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ৩ অবরোধ কারীকে গ্রেফতার করে।
ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোবারক হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরীর শুরা সদস্য মোস্তাফিজুর রহমান, দারুসসালাম থানা সেক্রেটারী আহমদউল্লাহ, জামায়াত নেতা তরিকুল ইসলাম, আব্দুর রশীদ, আবু তাহের আনসারী, ছাত্রনেতা বখতিয়ার উদ্দীন তুহিন ও মাহমুদ প্রমূখ।
সমাবেশে মোবারক হোসাইন বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারির তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্য ধ্বংশ করেছে। তাই ভোটের অধিকার আদায়ে জনগণ স্বতঃস্ফুর্তভাবে রাজপথে নেমে এসেছে। তারা অধিকার আদায়ের পূর্ব পর্যন্ত কোন ভাবেই ঘরে ফিরে যাবে না।
তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে গণ দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য জোর দাবি জানান। অন্যথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।
এআর





