বিএনপিকে বেয়াদবের দল মন্তব্য করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তারা সম্মান নিতেও জানে না দিতেও জানে না।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলের হরতালের প্রতিবাদে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একজন মা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকজন মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্ত দরজা বন্ধ করে বেগম খালেদা জিয়া শুয়েছিলেন। যা খুবই দুঃখজনক ও শিষ্টাচার বহির্ভুত।

তিনি আরও বলেন, এতকিছুর পরেও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ বাংলাদেশে আসলে আমরা সবাই তার জানাজায় অংশগ্রহণ করব।

খালেদা জিয়ার উদ্দেশ্যে মায়া বলেন, আপনার জীবদ্ধশায় আর কোন দিন আন্দোলন সংগ্রাম হবে না। কারন এই শোকের দিনেও হরতাল ডাকেন। সাধারণ মানুষকে কষ্ট দেন। পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করেন। এটা বড় দুঃখ জনক।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সেলিম, সাংঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এমআর/ এআর