২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৫তম শাহাদতবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে সেতুমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এ শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের সংগ্রামে আইভি রহমান ছিলেন আপসহীন। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের মধ্যে একজন নক্ষত্র।
তিনি বলেন, গ্রেনেড হামলায় তিনি রক্তাক্ত হয়ে কাতরাচ্ছেন। কিন্তু সময়মতো চিকিৎসা পাননি। চিকিৎসায় বিলম্ব না হলে হয়তো তিনি বেঁচে যেতেন।
তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে। এখন উচ্চ আদালাতে শুনানি হবে। সেজন্য পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি করা হবে জানিয়ে কাদের বলেন, মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে আপিল করা হবে।
কাদের বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। রাজনৈতিক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি আমরা। তাই অপরাধীদের মাস্টারমাইন্ডদের বিচার হওয়া দরকার।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইনাম আহমেদ চৌধুরী, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ মাহমুদ হুমায়ুন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
এএস





