তিনি বলেন, জনগণের এসব দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। মন্ত্রীদের বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে মোবাইল চার্জ দেওয়া কিংবা গ্রামে লম্বা পুল ভেঙে যাওয়ার মতো বিষয়কে দায়ী করার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।

নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার যেভাবে বিষয়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগের দায়ও আগের সরকারের ১৭ বছরের রেখে যাওয়া জঞ্জালের ওপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে।

তিনি বলেন, বিদ্যমান সংকট সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি কিংবা স্বল্পমেয়াদি কোনো কার্যকর পরিকল্পনা দেখা যাচ্ছে না। অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি পূরণ করে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনগণের দাবি আদায়ের আন্দোলন সংসদের ভেতরে ও বাইরে চালিয়ে যেতে হবে। সরকার যদি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি মেনে নেয় এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে।

তবে সরকার যদি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি উপেক্ষা করে আগের ফ্যাসিবাদী পথেই হাঁটে, তাহলে জনগণের দাবি আদায়ের সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় তিনি ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

এনএইচ