নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে আজ সোমবার পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ভোরে ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। প্রতিষ্ঠার ৩ যুগ পেরিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম আর চড়াই- উতরাইয়ের পথ পরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

উন্নয়ন-উৎপাদনের রাজনীতিকে মূল প্রতিপাদ্য ঘোষণা করে ১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার ৫ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২০০টি আসন লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দলটি।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর বিপথগামী একাংশের হামলায় জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলটির হাল ধরেন।

সাড়ে ৩ দশকে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও দল গোছানোর ব্যাপারে নিজেদের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেনি তারা।

সাংগঠনিকভাবে শক্তি অর্জনের চেয়ে জনগনের দল হিসেবেই পরিচিতির ওপর গুরুত্ব দিয়েছেন দলের নীতিনির্ধারকরা। যার ফলে দেশের জনগণও যখনই সুযোগ পেয়েছে তখনই ক্ষমতায় বসিয়েছে দলটিকে। এজন্য বিএনপি জনগণের ভোটে সর্বাধিক ৪বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর