তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্যা হিস্যা দাবিতে তিস্তা ব্যরেজ অভিমুখে লংমার্চ করবে বিএনপি। ২২ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ৮টায় এ লংমার্চ শুরু হবে।
বুধবার সকালে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা আলমগীর জানান, ওই দিন বিকাল ৪টায় রংপুরে একটি সমাবেশ হবে। তবে ভেন্যু এখানো নির্দিষ্ট হয়নি। পরের দিন ২৩ এপ্রিল সকাল ৯টায় তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করা হবে এবং সকাল ১১টায় ব্যারেজ সংলগ্ন ডালিয়া এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, তিস্তার পানির দাবিতে সরকারের জোরদার পদক্ষেপ, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ এবং ভারতের কাছে ন্যায্য দাবিতে বিএনপি এ কর্মসূচি হাতে নিয়েছে। তিস্তা ইস্যুতে জাতীয় ঐক্য সৃষ্টি করারও আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানিয়েছেন, কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবে কি না সেটি নিশ্চিত নয়। চেয়ারপারসন না গেলে মহাসচিবের নেতৃত্বেইে লংমার্চ করা হবে।
লংমার্চে সরকারের সহযোগিতা কামনা করে মির্জা আলমগীর বলেন, ‘আশা করছি, সরকার তার চিরায়ত বাঁধা দেয়ার রূপ এবার দেখাবে না। কারন তিস্তার পানি এ দেশের মানুষের ন্যায্য অধিকার, এটা কোনো করুনা নয়। বরং এ কর্মসূচি ভারতের কাছে সরকারের দাবিকে আরো জোরালো করবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তিস্তা নদী উত্তরাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের ভাগ্য নির্ধারনে ভূমিকা রাখে। এ নদী থেকে প্রায় সাড়ে সাত লক্ষ হেক্টর জমি সেচের আওতায় আসার কথা। বর্তমানে প্রায় সাড়ে ৫ লক্ষ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা রয়েছে। আর সেজন্য প্রায় ১০ হাজার কিউসেক পানি দরকার। কিন্তু ভারত একতরফাভাবে ব্যারেজ নির্মাণ করে পানি প্রত্যাহার করায় ভয়াবহ সংকটের মূখে পরেছে এ অঞ্চলের মানুষ।
তিনি অভিযোগ করেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তিস্তার চুক্তির বিষয়ে প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা কার্যকর করতে পারেনি। উপরন্তু রেকর্ড পরিমাণ পানি তিস্তা থেকে কমে গেছে। গত মার্চে যার সর্বনিম্ন রেকর্ড ছিলো মাত্র ৪৯০ কিউসেক পানি! কিন্তু নিয়ম অনুযায়ী বাংলাদেশ ৩৬ ভাগ এবং ভারত ৩৯ ভাগ পানি পাবে এবং বাকি অংশ তিস্তায় প্রবাহিত হওয়ার কথা।
১৭ এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের প্রসঙ্গ তুলে মির্জা আলমগীর বলেন, ওইদিন সরকারের সাদা পোশাকের পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত সরকার তার কোনো হদিস দিতে পারেনি। এমনকি ইলিয়াস আলীর স্ত্রী প্রধানমন্ত্রী সাহায্য চেয়ে কার্যত কোনো লাভ হয়নি।
তিনি বলেন, এ সরকারের কাছে ‘গুম’ খুবই সাধারণ আর সহজ জিনিস। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে সমাবেশ করা হবে বলে জানান তিনি।
বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারে আটক থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সরকারের আমলে সব জায়গায়ই বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের স্বীকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ, মো: শাহজাহান, দলের নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা বিষয়ক সহ-সাধারন সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সোয়া ১০টায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ সভার সভাপতিত্ব করেন।
[b]ঢাকা, এমএইচ, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
তিস্তা অভিমুখে লংমার্চ ২২ এপ্রিল: মির্জা ফখরুল
তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্যা হিস্যা দাবিতে তিস্তা ব্যরেজ অভিমুখে লংমার্চ করবে বিএনপি। ২২ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ৮টায় এ লংমার্চ শুরু হবে। ওই দিন বিকাল ৪টায় রংপুরে একটি সমাবেশ হবে। পরের দিন ২৩ এপ্রিল সকাল ৯টায় তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ করা হবে এবং সকাল ১১টায় ব্যারেজ সংলগ্ন ডালিয়া এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে





