গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নয়, বরং বিএনপিই জন পরিত্যক্ত দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগ পরিত্যাক্ত দলে পরিণত হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সোমবার তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, "৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নয়, বিএনপিই জন পরিত্যাক্ত দলে পরিণত হয়েছে। তাই তারা জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে।"
ড. হাছান মাহমুদ বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত বলতে চেয়েছিলেন ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি জন পরিত্যাক্ত দলে পরিণত হয়েছে। কিন্তু তিনি 'ভুল করে' আওয়ামী লীগের নাম বলে ফেলেছেন।"
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বাংলাদেশ নাগরিক সেবা ও কনজ্যুমার রাইটস সোসাইটি’ আয়োজিত “চলমান রাজনীতি, স্থিতিশীল বাজার, বিষমুক্ত খাবার – ঈদ আনন্দে জনগণ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই আপনাদের বলছি বিদেশীদের কাছে ধর্না না দিয়ে জনগণের কাছে যান। তাতেই আপনাদের মঙ্গল হবে।
বিএনপি-জামায়াতকে রাজনীতির বিষ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সরকার বিষমুক্ত খাবারের জন্য আইন করেছে। আমি বলবো শুধু খাবারকে বিষমুক্ত করলে হবে না। খাবারের পাশাপাশি রাজনীতিকেও বিষমুক্ত করতে হবে। যারা রাজনীতির নামে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ধ্বংস করছে তারাই রাজনীতির বিষ।
বিএনপির প্রতি প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা সব সময় বলে থাকেন ঈদের পর, শীতের পর, বার্ষিক পরীক্ষার পর, আন্দোলনে নামবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন ঈদের পর আন্দোলনে নামবেন ২০১৪, ২০১৯, না ২০২১ সালের ঈদের পর।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেন, বিএনপি জামায়াত অনেক চেষ্টা করেছে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার কিন্তু পারেনি এবং পারবেও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল করার কথা দিয়েছিল। কিন্তু ২০২১ সালের আগেই বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে। যতই বাধা আসুক না কেন? শেখ হাসিনা ভয় পায়না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম সম্রাট প্রমুখ।
উল্লেখ্য, রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ একটি পরিত্যক্ত দল।
প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের ওপর নির্যাতনের তৃতীয় বার্ষিকীতে প্রতিবাদী নাগরিক সমাবেশে মির্জা ফখরুল বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ একটি পরিত্যক্ত রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে পরিচিত করেছে।
ঢাকা, এমআর, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





