সাকিবের মতো অলরাউন্ডারকে আমরা ছেড়ে দিয়েছি, শুধুমাত্র খেলার জন্যই আমরা সাকিবকে ছেড়ে দিয়েছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১১ নভেম্বর) আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘এই যে দেখুন ইনজুরির জন্য সাকিব, মাশরাফি খেলতে পারে নি, তাই বলে কী আমরা জয়লাভ করি নি? আমাদের ক্রিকেটকে এত অনুর্বর ভাববেন না। আমাদের ক্রিকেটে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা রিপ্লেস করতে পারে না, রিপ্লেস করার প্রতিভা আছে আর সাকিবকে তো আমরা ছেড়েই দিলাম। সাকিবের মতো অলরাউন্ডারকে আমরা ছেড়ে দিয়েছি। শুধুমাত্র খেলার জন্যই আমরা সাকিবকে ছেড়ে দিয়েছি।’
এসময় মাশরাফির ব্যাপারে তিনি বলেন, ‘মাশরাফির ব্যাপারটা অনেক আগেই সিদ্ধান্ত হয়ে আছে। মাশরাফি প্রধানমন্ত্রীর অনেক কাছের মানুষ। সে অনেক আগে থেকেই চেয়েছিল। আর তাকে আমাদের লিডার সম্মতি দিয়েছেন অনেক আগেই। আর নড়াইলবাসীর অনেক দিনের আশা-আকাঙ্ক্ষা তারা মাশরাফিকে দেখতে চায়।’
সেতুমন্ত্রী আরো বলেন, ‘অনেক সময় ইনজুরির কারণে প্রথম সারির অনেকে খেলতে পারে না, তাই বলে কি বাংলাদেশ হেরে যায়? এখনকার খেলাগুলো দেখুন। তাহলেই তো বুঝবেন।’
এসএম





