সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ রোববার ভোর ছয়টা থেকে সারা দেশে হরতাল পালিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ডাকা এই হরতালের ডাক দেয়। সকাল নয়টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বের হয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।
সকাল সাতটার দিকে রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব শাহবাগ ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলছে।
ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করছে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।
কয়েকজন যাত্রী বলেন, স্বাভাবিক কর্মদিবসের তুলনায় আজ সকালে রাজধানীতে যান চলাচল কিছুটা কম।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে দেখা গেছে।
রাজধানীর বাইরে নারায়ণগঞ্জে হরতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চাষাঢ়া, সাইনবোর্ড, শিবু-মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যান করেছে।
গতকাল বেলা তিনটায় রাজধানীর ফকিরাপুলের কালভার্ট সড়কে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের এই কর্মসূচির ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম চিশতী।
ফারুকী এই ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন তিনি।
হরতালের সমর্থনে গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে সংগঠনটি পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে।
গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন ফারুকী। রাত আটটার দিকে আট-নয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাঁদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





