বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ (১১ আগস্ট) রোববার সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, “ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই। কারণ, এটা কারো সৃষ্টি নয়। বিএনপি থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে নাকি বিএনপির অফিসের সামনে এডিস মশা ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তাঁরা আক্রান্ত হন। এ ধরনের হাস্যকর, রুচিহীন কথাবার্তা যাঁরা বলেন, তাঁদের কথা শোনা বা জবাব দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।”
তিনি আরও বলেন, “মশা নিধনে ওষুধ দেওয়া হচ্ছে এবং গণসচেতনতা সৃষ্টির জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কারণ, জনগণ সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা যাবে, সে চেষ্টাই চলছে। আশা করছি, খুব শিগগির এ সমস্যা আর থাকবে না।”
খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির আন্দোলন কর্মসূচির ঘোষণা প্রসঙ্গে হানিফ বলেন, “বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না। কারণ, যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সে আন্দোলন কখনো সফল হয় না।”
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, “এতিমের টাকা মেরে খেয়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের কোনো দায় নেই। তাঁরা চান না, খালেদা জিয়া বাইরে থাকুক। বিএনপি এটা বুঝতে পেরে অন্য পথ খোঁজার চেষ্টা করছে। কিন্তু আন্দোলনের নামে এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর কেউ ছাড় পাবে না। সরকার জানে, কীভাবে সন্ত্রাস দমন করতে হয়। আমরা কঠোর হাতে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করব।”
পরে মাহবুব-উল-আলম হানিফ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ আরো অনেকে।
এমবি





