আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে হত্যা করে সরকার পতন ঘটাতে না পারায় কৌশল পাল্টিয়ে বিদেশিদের হত্যা করে সরকার পতন ঘটাতে চান।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কারা এদেশে জঙ্গিবাদের বীজ বপন করেছে তা সবাই দেখেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে হাওয়া ভবনে বসে জঙ্গিদের নিয়ে বৈঠক করেছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা।
বেগম খালেদা জিয়ার আমলে পুলিশি পাহারায় রাজশাহীতে জেএমবিরা মহড়া দিয়েছে, সারা বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে জঙ্গিবাদের উত্থান হয়েছে। এগুলো জনগণ দেখেছে।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ





