সারা দেশে ঘুষ-দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সিপাহী থেকে শুরু করে পিওনের নিয়োগ পর্যন্ত সব জায়গায় ঘুষ দিতে হয়।’

রাজধানী গুলিস্তানের হোটেল ইমপেরিয়ালে বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ‘দুর্নীতিতে সরকারের সবাই জড়িত। পিওনের চাকরিতে ঘুষ দিতে হয়। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা এখন আর বসবাসের উপযোগী নয়। এখানে মানুষ বাস করতে পারে না। যানজটে দেশ স্থবির। রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী করতে হলে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এ থেকে উত্তরণের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে হবে। জাতীয় পার্টিই একমাত্র ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে।’

ঢাকা মহানগর জাতীয় পার্টি দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, এম এ হান্নান, মীর আব্দুস সবুর আসুদ, সংসদ সদস্য রওশন আরা মান্নান, ইয়াহিয়া চৌধুরী, হুইপ শওকত চৌধুরী, আলতাফ আলী, যুব সংহতির সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জহিরুল আলম রুবেল, সুজন দে প্রমুখ।

জেআই