দলীয় ঐক্য ও জনগণই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত সদর ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। এই আওয়ামী লীগকে তারা আজকে তথাকথিত আন্দোলনে নামে ভয় দেখায়, তারা সারাদেশে সমাবেশ করে নাকি বাংলাদেশের ক্ষমতা উল্টে দেবে। শেখ হাসিনার যশোর ও চট্টগ্রামের মহাসমাবেশ শেষে আজকে তাদের কি অবস্থা?

মন্ত্রী বলেন, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে। আর আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বারবার সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। তাই আগামীতে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কারও সাধ্য নেই আওয়ামী লীগকে পরাজিত করে।

সম্মেলনে চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

এবিএস