বর্ষবরণ অনুষ্ঠানে যৌননিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বিচার ও দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচার চেয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাসান তারেকের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপিটি দিয়ে আসে। তবে স্মারকলিপি দেয়ার আগে পুলিশের বাধা পেতে হয় ছাত্র ইউনিয়নের প্রতিনিধি দলটিকে। পুলেশের সঙ্গে ধস্তাধস্তিতে আহতও হন তিন জন।
স্মারকলিপি দেয়া শেষে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সাতদিনের আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু এর মধ্যও কোনো বিচার না হওয়ায় আমরা স্মারকলিপি দিলাম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, তিনি এ ঘটনার উপযুক্ত বিচার করবেন।’
তিনি আরো বলেন, ‘এরপরও কোনো ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। বুধবার আমরা এ লক্ষ্যে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আহ্বান করেছি।’
বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের যৌন নিপীড়নের শিকার হয়ছিলেন নারীরা। এতে বাধা দিয়ে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী। এছাড়া একইদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন ছাত্রীরা।
জেআই





