বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, স্থায়ী কমিটির সুপারিশক্রমে দলীয় গঠনতন্ত্র সংশোধন করে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য গতকাল রাতে সভায় স্থায়ী কমিটির সদস্যরা সুপারিশ করেন। পরে দলের চেয়ারপারসন তা অনুমোদন দেন। এরপর চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়।’

‘এ কমিশনের চেয়ারম্যান হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দলের অন্য দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও হারুন আর রশিদ,’ যোগ করেন মির্জা ফখরুল।

এ ছাড়া আসন্ন বিএনপির ষষ্ঠ কাউন্সিল সফল করার জন্য দলের পক্ষ থেকে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কিন্তু এ জন্য এখন ভেন্যু চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ভেন্যু চূড়ান্ত হলে যথাসময়ে আমরা তা জানিয়ে দেব।’

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এমকে