মওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার ডাকে সকাল ৬টা থেকে সারাদেশে আধাবেলা হরতাল শুরু হয়েছে। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া প্রথম দেশব্যাপী এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের সমর্থনে সকালে ছাত্রসেনার নেতাকর্মীরা রাজধানীর পল্টন, মতিঝিল, খামারবাড়ী, টেকনিক্যাল ও ধূপখোলায় মিছিলের চেষ্টা করেছেন। তবে হরতালের আগে কিংবা শুরুর দিকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে মিছিলের চেষ্টাকালে ধূপখোলা থেকে ছাত্রসেনার ৩ কর্মীকে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন ছাত্রসেনা ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

তবে ভোর থেকে শুরু হওয়া এই হরতাল রাজধানীতে তেমন কোন প্রভাব ফেলেনি। জনজীবন অনেকটাই স্বাভাবিক। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও বিভিন্ন রুটে গণপরিবহন চলতে দেখা গেছে স্বাভাবিকভাবেই। অফিসগামী লোকজনকে অন্যদিনগুলোর মতোই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

হরতালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজধানীতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন মোড়ে ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার রাতে রাজধানীর পূর্ববাজারের একটি ফ্ল্যাটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক মওলানা নুরুল ইসলামকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে ‍সুন্নাত ওয়াল জামাতেরও নেতা ছিলেন।

ঘটনায় ওই দিন রাতেই রোববার সারাদেশে আধাবেলা হরতালের ঘোষণা দেয় ইসলামী ছাত্রসেনা। এরপর শনিবার ফকিরাপুলেও সংবাদ সম্মেলন করে ফের হরতালের ঘোষণা দেন ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল হক চিশতী। এ সময় তিনি জানান, দেশের বন্যা কবলিত জেলাগুলো হরতালের আওতামুক্ত থাকবে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর