বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, 'আজকের লড়াইয়ে শুভ শক্তি জয়ী না হলে রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, আমরা আবারও পিছিয়ে যাব'।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তনে রাষ্ট্রপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সমাবর্তনে রাষ্ট্রপতি মোট ৮ হাজার ৩১২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রি প্রদান করেন। পিএইচডি পান ৩৮ জন, এমফিল ২৫ জন, এমডি এন্ড এমএস ৩৪ জন। বিশেষ কৃতিত্বের জন্য স্বর্ণ পদক দেওয়া হয় ৩৪ জনকে।
রাষ্ট্রপতি বলেন, আমরা আবার উগ্রবাদী, সন্ত্রাসী, ধর্মান্ধ, পশ্চাৎপদ জাতি হিসেবে পরিচিতি লাভ করব। মুখ থুবড়ে পড়বে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির চাকা। জাতি হিসেবে আমরা হব নিন্দিত যদি শুভ শক্তি হেরে যায়।
তিনি আরও বলেন, হাজার দুয়ারী আলোকিত রাজ্যে প্রবেশের মাধ্যম হোক শিক্ষা। কুসংস্কার আর অন্ধকার কূপমণ্ডুকতায় আবিষ্ট বদ্ধঘরের খোলা জানালাটি হোক শিক্ষা। যা কিছু সংকীর্ণ, শিক্ষা আমাদের শেখাবে তা পরিহার করতে। মানুষে মানুষে সম্মিলন ঘটানোর শিক্ষাই আমরা চাই।
ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) এর মহাপরিচালক রল্ফ ডিটে হয়া  ছিলেন সমাবর্তন বক্তা। তাকে সম্মানসূচক ‘ডক্টর অফ সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয়।
সমাবর্তনে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]