সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলন ও নির্বাচনে বিজয় অর্জন করতে না পেরে বিএনপি এখন দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে।’

তিনি বলেন, ‘যে দলের আন্দোলনে কর্মী থাকে না, নির্বাচনে এজেন্ট পায় না। সিটি করপোরেশন নির্বাচনে হেরে তারা কর্মসূচি দেবে কী করে ? এ জন্য সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও বিএনপি কোনো কর্মসূচি দিতে পারেনি। তার পরিবর্তে তারা দেশে-বিদেশে নালিশ করার নতুন ধারার রাজনীতি শুরু করেছে।’

শনিবার সকালে যশোর উপ-শহর এলাকায় ‘বাবলাতলা সেতু’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন বিএনপির বর্জন ও কারচুপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে কারচুপি হলে বিএনপি এতো ভোট পেল কি করে ?’

তিনি চট্টগ্রামে বিএনপি প্রার্থী মঞ্জুর আলমের প্রাপ্ত ভোটের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি তো দুই ঘণ্টা ভোটে ছিলেন তাতেই তিনি যে ভোট পেয়েছেন তাহলে ৪ টা পর্যন্ত থাকলে হয় তো অন্যরকম ফলাফলও হতে পার তো। কিন্তু তারা সেটা না করেই ভোট বর্জন করে এখন কারচুপির অভিযোগ করছেন।’

নতুন রাস্তা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে নতুন রাস্তা না করে আমাদের পুরনো যে রাস্তাগুলো আছে সেগুলো ঠিকমত রক্ষণাবেক্ষণ করতে পারলেই জনগণ উপকৃত হবে।’

এ ছাড়া পদ্মাসেতুর সঙ্গে সংযুক্ত সকল সড়ক পর্যায়ক্রমে চার লেনে উন্নীত করা হবে বলেও তিনি জানান।

সেতু উদ্বোধনকালে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর-ঝিনাইদহ সড়কের যশোর উপশহর এলাকায় ভৈরব নদের উপর চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ৩০ মিটার দৈঘ্যের এ সেতুটি নির্মাণ করে।

এএইচ