বাংলাদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের নূন্যতম মজুরির ভার মালিককে নিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল-৭১’র ব্যানকুইট হল রুমে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

‘চিংড়ি ও মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণ’ শীর্ষক গোলটেবিল আলেচনাসভার আয়োজন করে সলিডারিটি সেন্টার ও স্যোশাল অ্যাক্টিভিটিস ফর দি এনভায়ারনমেন্ট (সেফ)।

চুন্নু বলেন, শুধু মুখে মুখে ভাল মানুষ বললে হবে না কাজে ভাল মানুষের প্রমাণ করতে হবে। মালিকদের সমস্যা সরকারকে জানাতে হবে। সরকার তা সমাধান করতে প্রস্তুত আছে। কিন্তু শ্রমিকদের ন্যূনমত মজুরির ব্যবস্থা মালিকদেরই করতে হবে।

তিনি আরও বলেন, মালিকরা শুধু লোকসানের কথা বলে কিন্তু কখনও বলেন না তারা প্রতিমাসে কত টাকা লাভ করেন।

মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজন। মালিক ও শ্রমিক মিলেমিশে কাজ না করলে চিংড়ি খাত টিকবে না।

সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এলেনজো সুমন বলেন, চিংড়ি শিল্পের শ্রমিকদের জীবন চলার মতো মজুরি দেওয়ার ব্যাপারে ঐক্যমতে আসার সময় এসেছে। ন্যূনতম মজুরি দিলে কেবল শ্রমিকেরা উপকৃত হবে না। সবার মাঝে এই খাত সম্পর্কে ভাল ধারণা তৈরি হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- শ্রমিক নেত্রী শিরিন আক্তার-এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, সেফ’র প্রজেক্ট কোঅর্ডিনেটর আসাদুজ্জামান, এস হুমায়ূন কবীর, অধ্যাপক ড: জাকির হোসেন, চিংড়ি ঘের মালিক গোলাম মোস্তফা, খলিলউল্লাহ, মনিরা সুলতানা, জাফর প্রমুখ।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ