বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। এর আগে থেকেই সেখানে দলের কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া তাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।

এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন,  যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রহমান তালুকদার, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

ঢাকা, এমএইচ, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম