বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদল নেতৃবৃন্দের বৈঠক মুলতবি করা হয়েছে ।
বুধবার সন্ধ্যা পৌনে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সাড়ে ৪ ঘন্টাব্যাপী চলার পর রাত সোয়া ১২ টার দিকে বৈঠকটি মুলতবি করা হয় ।
২৯১ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় সংসদের নেতাদের মধ্যে বৈঠকে ২৫০ জন উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভুমিকা ও নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। প্রায় ৪০ জনের মত সদস্য থেকে শুরু করে সম্পাদক পর্যন্ত বক্তব্য রাখার পর মতামত অনুষ্ঠানটি মুলতবি করা হয়।
বৈঠকে অংশ নেয়া একাধিক কেন্দ্রীয় নেতা টাইমনিউজবিডি জানান, বৈঠকের শুরুতে ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল বলেন, আজকের বৈঠকে সবাই আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে নিজস্ব মতামত তুলে ধরে বক্তব্য রাখবেন। এরপরই উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সদস্য থেকে বক্তব্য রাখা শুরু করেন। সদস্য, সহ-সম্পাদক ও সম্পাদক মিলিয়ে প্রায় ৪০ জন বক্তা তাদের মতামত পেশ করেন।
এক পর্যায়ে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে বলা হয় আমি সবার মতামত শুনব তবে আজকে আর সময় নেই কালকের (বৃহস্পতিবার) পরে যে কোনো তোমাদের আবার ডাকা হবে।
মতামত দেওয়ার সময় প্রায় সবাই বিগত দিনের আন্দোলন ব্যর্থতার জন্য ছাত্রদলের সর্বোচ্চ নেতৃবৃন্দকে দায়ী করেন। পাশাপাশি দ্রুত নতুন কমিটি দেয়ারও দাবী করেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে বয়সের সীমা নির্ধারনের বিষয়েও অনেকেই মত দেন। সেক্ষেত্রে সভাপতি- সাধারন সম্পাদকের বয়স ৩২-৩৫ বছর এর মধ্যে যেন হয় সেই দাবী করা হয়।
অন্যদিকে প্রতিবারই কমিটি গঠনের পর সুপার ফাইভদের নিয়ে যে সব অভিযোগ উত্থাপিত হয় যেমন- ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, মাদক সেবী, ব্যবসায়ী। এবার যেন কমিটি গঠনের আগে সেই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে খোঁজ নেয়া হয় সে বিষয়ে জোরালো দাবী করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।
ঢাকা, এমএইচ, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম





