বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদসহ যেকোন স্থানীয় সরকার নির্বাচন তৃণম–লে সামাজিক বন্ধন বিনষ্ট করবে।

শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে ৪ঠা জুন পর্যন্ত মোট ৬ ধাপে ৪২৭৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদসহ যেকোন স্থানীয় সরকার নির্বাচন তৃণম–লে সামাজিক বন্ধন বিনষ্ট করবে। পরিবার, গ্রাম, পাড়া-মহল্লায় সর্বত্র দলীয় রাজনীতির সংঘাত ছড়িয়ে পড়বে। বিএনপি আরো বিশ্বাস করে গণতন্ত্রের পথ চলাকে বিপথে চালিত করার জন্যই সরকারের মদদে নির্বাচন কমিশন এই অযৌক্তিক ও অসময়োচিত সিদ্ধান্ত গ্রহন করেছে।

তিনি বলেন, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন জনজীবনে বিপর্যস্ত পরিস্থিতির সম্ভাবনা থাকলেও সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ইনক্লুসিভ নির্বাচন চিরায়ত গণতন্ত্রের অঙ্গ। যদিও এখন এদেশে শান্তিপ–র্ণ নির্বাচন নির্বাসনে, ভোটারদের ভোটধিকার নিরুদ্দেশ, তথাপিও গণতন্ত্রের এই দুঃসময়ে সরকারের নানামুখী জুলুম, ভোট ডাকাতি, ভোট জালিয়াতীর সম্ভাবনার মধ্যেও এই ইউপি নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের সংকুচিত পরিসরকে সম্প্রসারিত করার লক্ষ্য নির্ধারণ করতে হবে। ভয়াবহ দমন পীড়ণ ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

রিজভী বলেন, একটি বৃহত্তম রাজনৈতিক দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত করা এক ব্যাপক কর্মযজ্ঞের বিষয়। নির্বাচন পরিচালনাও এক ব্যাপক কর্মকান্ড। উভয় বিষয়ে দলের নেতা-কর্মীরা ব্যাপকভাবে ব্যস্ত থাকেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ ১০টি পৌরসভায় ও ২২ মার্চ ৭৫২ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি’র জাতীয় কাউন্সিলের পরের দিন পৌরসভা ও ২দিন পরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত করা হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির জাতীয় কাউন্সিলকে জনমনে বিভ্রান্ত করার জন্যই অশুভ উদ্দেশ্য নিয়েই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আমাদের দল সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এই মোট ৫ জন একজন চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।

এমএইচ