রাজধানীর একটি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ।

দোয়া মাহফিলে মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, সাম্য, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যে সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল তা আজও বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, ‘স্বাধীনতার স্বপ্ন ছিল বাক-স্বাধীনতা, গণতন্ত্রের মুক্তি, অথচ এখনো গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করতে হচ্ছে। স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন হলো স্বাধীনতা রক্ষা এবং স্বাধীনতার লক্ষ্যসমূহ অর্জন করা। ক্ষমতাসীনদের বিভেদের রাজনীতির কারণে সে লক্ষ্যে পৌঁছানো যায়নি বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতা ছিল ঐক্যের অথচ আজ জাতিকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। বিভক্ত জাতিকে নিয়ে কখনো একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় ‘

এসময় জামায়াত নেতা বুলবুল মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তাদের মাগফিরাত কামনা করেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জুরুল ইসলাম ভূঁইয়া, সহঃ সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন খান, কামাল হোসাইন, দেলওয়ার হোসাইন, আব্দুল জব্বার, ড. আব্দুল মান্নানসহ অন্যরা।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আলোচনা সভা

এদিকে রাজধানীর অন্য একটি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন মহানগর আমীর সেলিম উদ্দিন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি জনাব লস্কর মো. তসলিম এবং মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব নাজিম উদ্দীন মোল্লা প্রমূখ।

এসময় তিনি দৈনিক সংগ্রামে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সংগ্রামের সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক জনাব আবুল আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।