সম্প্রতি বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ফেনী নয় সারাদেশেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে বুধবার বিকালে ইফতার সামগ্রী বিতরণ পূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ এখন সংয়ের সংসদে পরিণত হয়েছে। যে সংসদে দেশের ভবিষ্যতের কথা, ভাগ্য পরিবর্তন ও আইন প্রণয়নের কথা বলা প্রয়োজন সে সংসদে এখন মমতাজ বেগমের গান গাওয়া হয়।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এ সরকারের খুন, গুম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সীমা অতিক্রম করেছে। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
নারায়ণগঞ্জের লোমহর্ষক ঘটনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার গডফাদারদের মদদ দিচ্ছে। আন্দোলন দমাতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী রেহানা আক্তার রানু প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান মজুমদার। পথসভা শেষে ফেনী-১ আসনের তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার মোট তিন হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





