সাম্প্রতিক সময়ে বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়।
আজ বুধবার জয় ফেসবুকে তাঁর অফিশিয়াল পাতায় এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে, বাংলাদেশে সাম্প্রতিক বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত।
অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে, যাতে বিদেশি সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।’
এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদেশিদের হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে মন্তব্য করেন।
গত ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করা হয়। এর আগে ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়।
এসএইচ





