বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার মন্তব্য ‘আওয়ামী লীগ পঁচে গেছে’ এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নয় বরং বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নিজেরাই পঁচে গেছে। সেজন্য তাদের ফরমালিন দিয়ে তাজা রাখতে হচ্ছে।’
শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাপান সফর প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে সরকারকে ‘অবৈধ’ বলে আসছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করছে কে, কারা? তাদের বৈধতা কী? বৈধতার প্রশ্ন যাদের জন্মে, তারা অবৈধ বলে কিভাবে?’
শেখ হাসিনা বলেন, ‘৪০ ভাগ ভোটার ভোট দেওয়ার পর কেন নির্বাচন বৈধ হবে না? ইলেকশন না করার সিদ্ধান্ত তার দলের। কোনো রাজনীতিক যদি ভুল সিদ্ধান্ত নেয়, সে ভুলের খেসারত তাকে দিতে হবে।’
জাপান সফর সফল দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ সফরে জাপানের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয়েছে। জাপান সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে জাপান।’
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ৬০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।
এ ছাড়া গঙ্গা ব্যারেজ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু নির্মাণ, ঢাকা ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধারসহ কয়েকটি বড় প্রকল্পে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।
[b]ঢাকা, এমএইচ,৩১মে (টাইমনিউজবিডি.কম)[/b]