বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিজেকে বাঁচাতে আদালত চত্ত্বরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তান্ডব চালিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার বিকালে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক ভবণের সামনে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত ১৬ ডিসেম্বর-২০১৪ মহান বিজয় দিবসের এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী এতিমের টাকা মেরে ৫৪ বার আদালতে হাজির হওয়ার তারিখ পরিবর্তন করেছেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ এর প্রমাণ আদালতের কাছে আছে।
তাই তিনি আদালতে হাজির হওয়ার জন্য তার সন্ত্রাসী বাহীনিকে সঙ্গে নিয়ে গেছেন এবং সেখানে তার সন্ত্রসী বাহীনি তান্ডব চালিয়েছে। সামনের দিনগুলোতে এ ধরণের কোন নাশকতার চেষ্টা করলে এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
তার যে কোন ষড়যন্ত্র ও নাশকতা বাংলার জনগণ প্রতিহত করবে বলেও জানান হানিফ।
হানিফ বলেন, কয়েক দিন আগে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন-আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের দল নয়। তিনি এ বক্তব্যের মাধ্যমে তার স্বামী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর কাতারে নিয়ে আসতে চেয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়া জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা দাবি করছেন। আসলে তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি কোনদিনই মুক্তিযোদ্ধা ছিলেন না।
তিনি হঠাৎ করে মুক্তিযোদ্ধা হয়েছেন। তিনি আসলে পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ্রগহণ করেছিলেন।
তিনি বলেন, জামায়াত এখনও পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করছে। আর তাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করছেন খালেদা জিয়া। তাদের স্থান আর এ দেশের মাটিতে হবে না।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এমআর/এসএইচ





