বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই ইতালিও নাগরিকের হত্যাকান্ড ঘটেছে।

বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ আট মাস পরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে সুশাসনের অভাব, গণতন্ত্রের অভাব, অন্যদিকে গণতান্ত্রিক পথ খোলা না থাকায় বিদেশী নাগরিকের হত্যাকান্ড ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, জনগণের আন্দোলন সফল হবেই। সরকারকে আহবান জানাবো যাতে আইনশৃঙ্খলা পরিস্থির উন্নতির জন্য পদক্ষেপ নেয়।

বিএনপির এই নেতা বলেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলের নেতাকর্মীসহ দেশের জনগণ সীমিত অবস্থার মধ্যে দিয়ে ঈদ উদযাপন করেছে।

বিএনপি জামায়াত ইতালিও নাগরিককে হত্যা করেছে এমন বিবৃতি দিয়েছে সরকার সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সরকার সব সময়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে তাদের ব্যর্থতা থেকে সরে যেতে চায়।

এসময় মিনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ