ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ মিলে ১৬২ জনের মতো বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। এমন অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া দুই ধাপের নির্বাচনে সরকারী দলের প্রায় ১৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় র্নিবাচিত করা হয়েছে বলেও জানান তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়ে অথবা জমা দেওয়ার পর প্রত্যাহারে বাধ্য করে অথবা ঠুনকো অজুহাতে প্রার্থীতা বাতিল করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, গত ০১ মার্চ ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়ার ১১টি ইউনিয়নের মধ্যে হিরন, রামশিল, বান্দাবাড়ী ও তিনজুরী ইউপিতেও মনোনয়নপত্র জমা দিতে দেয়নি তারা।

‘ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন সদর পৌরসভা নির্বাচনে ২৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বিএনপির সাধারণ সমর্থকদের বাড়ীতে বাড়ীতে হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীও বিএনপি নেতাকর্মীদের বাসায় তল্লাশী ও গ্রেফতারের নামে বাড়ীর লোকজনকে হয়রানী ও তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে,’ অভিযোগ করেন রিজভী।

নড়াইল, কিশোরগঞ্জ, বরিশালের নাম উল্লেখ করে দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।

রিজভী বলেন, ‘জনগণকে উপহাস করার জন্যই সরকার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে নিয়ে ব্যালে নৃত্য করছে। সরকারী দলের সন্ত্রাস, তাণ্ডব এবং নির্বাচনী কর্মকর্তাদের উক্ত অপকর্মগুলির প্রতি নিরাসক্ত নির্বিকার থাকার বিষয়ে অভিযোগগুলি শুধুমাত্র বিএনপির কাছ থেকেই আসেনি, আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী ও ক্ষমতাসীন জোটের শরীক দলসহ স্বতন্ত্র প্রার্থীরাও একই কথা বলেছেন।’

নির্বাচন নিয়ে অকল্পনীয় অনাচার আর অনিয়মের ঘটনা যা প্রতিনিয়তই দেশের মানুষ জানছে - এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘সে সম্পর্কে নির্বাচন কমিশনের নির্বিকার থাকাটা মানুষের মধ্যে কমিশন সম্পর্কে জিজ্ঞাসা তৈরী হচ্ছে যে, কমিশন আসলে তুমি কার? তোমার যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা আছে সেটিকে অগ্রাহ্য করে কেন একটি ভোটারবিহীন সরকারের তল্পি বহন করছো?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল কবির শাহীন, তায়েফুল ইসলাম টিপু প্রমুখ।

এমই