সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ প্রায় একশত লোককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান।

আজ সোমবার এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন, দেশে আজ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গত ১ বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে মহিলারা লাঞ্ছিত হওয়ার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে কী ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

তিনি আরো বলেন, মহিলাদের লাঞ্ছিত করার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা না নিয়ে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জুলুম নির্যাতন চালাচ্ছে।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। দেশকে রাজনীতি শূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার সারাদেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে।

জাতির ঘাড়ে অন্যায়ভাবে চেপে বসা স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতন ও গণগ্রেফতার অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানান তিনি।

এসএইচ