নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবীতে চলমান আন্দোলনকে গতিশীল করতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে দেশের ৪ জেলায় সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রবিবার দুপুরে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ অক্টোবর নীলফামারী জেলায়, ৩০ অক্টোবর নাটোরে, ৬/৭ নভেম্বর কুমিল্লায় এবং ১২ নভেম্বর কিশোরগঞ্জ জেলায় ২০ দলীয় জোটের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে ভাষা সৈনিক আব্দুল মতিন ও ড. পিয়াস করিমের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার জন্য এবং পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নিতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

এসময় বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে মূল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইতিপূর্বে কয়েকবার বিদ্যুত এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। এতে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই জনগণের দুর্ভোগ বাড়ে এমন কোনো পদক্ষেপ নেয়া হলে ২০ দলীয় জোট কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে ২০ দলের মহাসচিব পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে জামায়াতের কেন্দ্রীয়   কর্ম পরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহেদী, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএইচ