মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি পেয়েছে তার পরিবার।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে তারা সাক্ষাতের আবেদন করেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, দেখা করার জন্য তারা কারা কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন। ১৫ সদস্যের একটি দল কারাগারে আসছেন।
গতকাল বুধবার রায় পুনর্বিবেচনায় (রিভিউ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আবেদন খারিজ করে আপিল বিভাগ। এর ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই খারিজ আদেশ দেয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ৩০ সেপ্টেম্বর সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মানবতাবিরোধী মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। সে অনুযায়ী সময় শেষ হয়ে যাওয়ার একদিন আগেই পৃথকভাবে রায় পুনর্বিবেচনার আবেদন করেন তাদের আইনজীবীরা।
গত ২৯ জুলাই মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া দুজনকে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
এআই





