জামাযাতের আমীর মাও.মতিউর রহমান নিজামীর ফাঁসিতে তুরস্কের বিরূপ প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেআওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ সকল আইন মেনে যুদ্ধাপরাধের বিচার করছে। এ বিষয়ে পরাজিত শক্তি পাকিস্তান যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করতে পারে কিন্তু কামাল আতাতুর্কের দেশ তুরস্ক কি করে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে তাতে আমরা বিস্মিত।
গতকাল বৃহস্পতিবার বিকেল রাজধানীর বিএমএ মিলনায়নে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাসিম বলেন, পৃথিবীর কোন দেশ নিয়ম মেনে স্বাধীনতাবিরোধীদের বিচার করেনি, শুধুমাত্র শেখ হাসিনা নিয়ম মেনে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচার করেছেন।
সকল হত্যার বিচার করা হবে ঊল্লেখ করে নাসিম বলেন, তনু হত্যার তদন্ত শেষ পর্যায়ে, সকল আসামি গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা হবে।
নারায়ণগঞ্জে শিক্ষক অপদস্তের ঘটনায় তিনি বলেন, এরশাদ মাঝে মাঝেই সরব হোন কিন্তু এ বিষয়ে কেন নিরব জানিনা। আমরা দলের পক্ষ থেকে দাবি জানিয়েছি, শিক্ষককে তার স্বপদে বহাল রাখা এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, কবি মাঝে মাঝে কেন নীরব হোন বুঝিনা। নিরবতার কারণ কি আসলাম? মোসাদের সাথে আসলামের বৈঠকের কারণে কারণে লন্ডন এবং ঢাকা উভয়ই চুপ।
সাবেক শিবির নেতা আসলামকে দলের সাধারণ সদস্য থেকে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব করেছেন কেন তা বিএনপি নেতারাও জানে না। মোসাদের সাথে বৈঠক করে হাসিনাকে আউট করে খালেদাকে ক্ষমতায় বসানোর প্রতিশ্রুতি দেওয়াতে নেতা বানিয়েছেন তো? হাসিনা আউট হয়নি, আসলামই ইন হয়ে গেছে। বিএনপি’র আর কোন কোন নেতা জড়িত তাই প্রকাশের ভয়ে বিএনপি এখন চুপ।
স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া, বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান, বিএমএ’র সাবেক মহাসচিব শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ’র মহাসচিব ডা. এম এ আজিজ, স্বাচিপের সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. আব্দুর রউফ, ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব ডা. এএসএম জাকারিয়া প্রমুখ।
ইআর/এমআইএস





