বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে দুইজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার মধ্যে একজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মন্ত্রণালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে দুইজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার মধ্যে একজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অন্যজনকে ফিরিয়ে আনার জন্য কিছু আইনি মারপ্যাঁচ রয়েছে। কিন্তু তাকেও ফিরিয়ে আনার জন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার আমরা তাই করছি।

আব্দুল মোমেন আরও বলেন, আশা করছি মুজিববর্ষেই বঙ্গবন্ধুর একজন খুনিকে বিচারের মুখোমুখি করতে পারবো। বাকি তিনজন কোথায়, কিভাবে আছে সেটা জানিনা। তবে তাদের খোঁজার ব্যাপারেও চেষ্টা অব্যাহত আছে। তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মেরিটাইমস অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খোরশেদ আলম, সচিব মাসুদ বিন মোমেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, আওয়ামী লীগ নেতা শেখ শুকুর আহমেদ, জেলা যুবলীগের সভাপতি জি.এম শিহাবউদ্দিন আজম সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি