বিএনপি সমঝোতার পথ নিজেরাই বন্ধ করে দিয়েছে। তাদের সঙ্গে এখন সমঝোতা বা সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বৃহস্পতিবার) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সমঝোতার দরজা তো আপনারা সেই দিনই বন্ধ করে দিয়েছেন, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় তাঁর ছেলের মৃত্যুর খবর শুনে গিয়েছিলেন। সেদিন তিনি দরজা বন্ধ করে ঘরের ভেতর ছিলেন।” তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক, এটা আওয়ামী লীগ চায়। কিন্তু তার জন্য কোনো সংলাপ, সমঝোতার প্রয়োজন নেই।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনে সংলাপে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তাঁরা আশাবাদী। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই তাঁরা বলছেন যে এটা সাজানো সংলাপ। আসলে তাঁরা কী চান, তাঁরা নিজেরা জানেন না।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনা, জনগণেরই প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি সেমিনারের আয়োজন করে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, অন্য কিছু চাই না। নির্বাচন কমিশনের কোনো দলের পক্ষ নেওয়ার দরকার নেই, আমরা চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করুক। কোনো দলের পক্ষে বক্তব্য দিয়ে প্রশ্নের সম্মুখীন হোক, তা আমরা চাই না। কিন্তু বিএনপি এমন একটা নির্বাচন কমিশন চায়, যেন বিএনপি যেনতেনভাবে ক্ষমতায় আসতে পারে।” তিনি বলেন, বিএনপির রাজনীতি পরেরবারের নির্বাচনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগ পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতি করে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে মন্ত্রী বলেন, “এটা যে একটি সাজানো নাটক, তা এখন স্পষ্ট হয়ে গেছে। তাঁরা চেয়েছিলেন যেন একটি সংবাদ হয়। সাংবাদিকদের ওপর হামলা করলে সংবাদটা বড় পরিসরে হয়। পরিকল্পিতভাবে দুটি গাড়ি উল্টো পথে রাখা হয়েছিল এবং সেই গাড়িগুলোই জ্বালানো হয়। এটা ছিল মূলত ফেনীর সাজানো ঘটনা এবং সংঘাতের উসকানি।”
এমবি





