আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি রাজধানীর ৪৯টি থানায় দলের পক্ষ থেকে ইফতার পার্টি ও কর্মী সম্মেলন করার সিদ্বান্ত নিয়েছে। এছাড়া আগামী ১৫ জুলাই নয়াপল্টনস্থ ভাসানী ভবনে সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি।

বুধবার বিকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর কমিটির যৌথ সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এ কর্মসূচি ঘোষণা করেন।

সভায় আবদুস সালাম বলেন, রমজান মাসে প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে ইফতার পার্টি করা হবে। এর মাধ্যমে কর্মী সমাগম করা হবে। যুগ্ম-আহবায়কদের এলাকা ভিত্তিক ভাগ করে দেয়া হয়েছে। মূল দায়িত্ব পালন করবেন সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সরকার বাধা দিলে ও কোথাও জায়গা না পেলে নিজের ঘরে এ কর্মসূচি পালন করবেন। কোনো থানা করতে ব্যর্থ হলে সেখানে কমিটি রাখার কোনো অর্থ নেই।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫ জুলাই মহানগরের আয়োজনে ইফতার পার্টি করা হবে। প্রতিটি ওয়ার্ড, থানার ইফতার পার্টির তারিখ ঠিক করে মহানগর অফিসকে জানাতে হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক এস এ খালেক, আনোয়ারুজ্জামান আনোয়ার, আবুল বাসেত আঞ্জু, কাজী আবুল বাশার, আলী আজগর মাতবর, নবী উল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ