নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা মহামানবী নন; তাই বঙ্গবন্ধুর কন্যা বলে তিনি সব কিছু থেকে পার পেয়ে যেতে পারেন না।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম হওয়া আটজনের পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাজেদুল ইসলাম সুমনসহ গুম হওয়া সবাইকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
মান্না বলেন, গুম-খুনের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তাই এর দায় তিনি এড়াতে পারেন না।
তিনি আরো বলেন, উপরের নির্দেশে গুম-খুনের তদন্ত হয় না। উপর থেকে বলা হয় তদন্ত করার দরকার নেই। তাই গুম-খুনের বিচার হবে না।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, জাতিসংঘ থেকে প্রতিনিধি এসেছে। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে সেনাবাহিনী নেবে। এদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অনেক ভাল কাজ করছে। তাদের আহ্বান জানাই তারা যেন কোনো র্যাব সদস্যকে না নেয়।
অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান বলেন, ১৯৭১-৭৪ সালের পর এখন আবার গুম শুরু হয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। এভাবে দেশ চলতে পারে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ চৌধুরী, অধিকারের সেক্রেটারি জেনারেল আদিলুর রহমান খান, নারী পক্ষের শিরীন হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সেক্রেটারি ডা. ফয়জুল হাকিম লাল, নাগরিক উদ্যোগের নির্বাহী প্রধান জাকির হোসেন, সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের নূর খান লিটন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের আগে গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুশীল সমাজের প্রতিনিধিসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





