খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা গোলাম রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
মঙ্গলবার সকালে খুলনার একটি হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, সাত পুত্র ও এক কন্যার জনক।
প্রায় দেড় মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী গোলাম রহমানকে গ্রেফতার করে। খুলনা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ৭টায় কারা-কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, জামায়াতের রুকন ও আমাদী ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা গোলাম রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
তিনি বলেন, কারাগারে প্রচণ্ড গরমের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ঠাসাঠাসি করে রাখা এবং উপযুক্ত খাদ্য ও পানীয়র অভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং যথাসময়ে প্রয়োজনীয় সুচিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে।
কারা-কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে যথাসময়ে হাসপাতালে ভর্তি করে উপযুক্ত চিকিৎসা না দেয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কিনা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির।
কেএইচ





