প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার বাকস্বাধীনতা এবং ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করে গেছেন। সে জন্যই দেশের সংবাদপত্র ও সাংবাদিকরা তাদের বাকস্বাধীনতা উপভোগ করছেন। স্বাধীনতার কারণেই তারা ইচ্ছে মতো কথা বলতে পারছেন। আমরা তাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমালোচনা করুন কিন্তু কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। অনেকেই টকশোর নামে কথায় টক ছড়ান। এই টকশোর টক বাঘা তেঁতুলের মতো।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এখন অনেক ভালো চলছে। দেশে আর এখন দম বন্ধ করা পরিবেশ নেই। সব মানুষ মুক্ত পরিবেশে কাজ করে জীবন-যাপন করতে পারছেন।’

সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিতসহ সমবায় সমিতির মাধ্যমে প্লট ও ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ নেয়া হবে। ঢাকার বাইরের সাংবাদিকরাও যাতে এ সুযোগ পান, সে পদক্ষেপও নেয়া হবে।’

বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এবং মহাসচিব আবদুল জলিল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বক্তব্য দেন।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ