সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা দু'দিনের হরতাল চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হচ্ছে আজ বুধবার সন্ধ্যা ৬টায়। দেশব্যাপী ৪৮ ঘণ্টার এ হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে এ হরতাল পালন করা হচ্ছে।

মগবাজারে জামায়াতের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী চলমান হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার সকাল ৮টায় রাজধানীর মগবাজার চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে রমনা থানা জামায়াতে ইসলামী।
এসময় উপস্থিত ছিলেন- দলের মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিব, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, আকতার হোসাইন, সিদ্দিকুর রহমান, শিবিরনেতা মুরাদ হোসাইন প্রমুখ।
নওগাঁয় হরতালে শিবিরের বিক্ষোভ মিছিল
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিক্রিয়ায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখা।
বুধবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় তাজের মোড় হতে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক টার্মিনালে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জেলা পূর্ব জামায়াতের আমীর খ ম আব্দুর রাকিব,
জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মহিউদ্দীন, নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান অ্যাডভোকেট আ স ম সায়েম, জেলা শিবির সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম।
মতিঝিলে জামায়াতের মিছিল:
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে বুধবার সকাল সোয়া ৮টায় রাজধানীর মতিঝিলে কালবাড রোড়ে হরতালের সমর্থনে মিছিল করেছে মতিঝিল থানা জামায়াত।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মতিঝিল থানা সেক্রেটারি মোঃ মোতাছিম বিল্লাহ। মিছিলে আরো উপস্থিত ছিলেন জসিমুল হক পটোয়ারী, দেলোয়ার হেসেন, হাফিজুল্লা খান।
যাত্রাবাড়িতে শিবিরের মিছিল:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অবৈধ ফাঁসির রায়ের প্রতিবাদে ২ দিন ব্যাপী হরতালের দ্বিতীয় দিন বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

রাজধানীতে শিবিরের মিছিল-পিকেটিং
জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে মিছিল-পিকেটিং করেছে ছাত্রশিবির নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিরপুরে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম।
ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সুলতান মাহমুদ রিপনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন অফিস সম্পাদক ডা. মুজাহীদ, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলীম,
প্রচার ও তথ্য সম্পাদক গোলাম হায়দার সোহেল এইচ আর ডি সম্পাদক এনামুল হক,সি ডি এইচ সম্পাদক আ.স.ম ফারুক প্রমুখ।
এআর





