আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচি নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে।

সকাল ১১ টার আগেই নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে দাড়িয়ে যান। রাজধানীর কাকরাইলের নাইটেঙ্গেল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত এ কর্মসূচি পালিত হওয়ার কথা। মানবনন্ধন কর্মসূচি দুপুর ১২ টায় শেষ হবে।

এদিকে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশ এলাকায় ব্যাপক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন, লিফলেটসহ হাজির হয়েছেন। মুহুর্মূহু স্লোগানের মুখোরিত করে তুলেছে পুরো এলাকা।

মানববন্ধনে ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমূখ।

 

এছাড়াও ২০ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। মানববন্ধনের শুরতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী হত্যা, গুম ও অপহরণের ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে জাতিসংঘ ২০১১ সাল থেকে ৩০ আগষ্টকে আন্তর্জাতিক গুম দিবস পালন করে আসছে। গত শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট এ কর্মসূচিটি পালনের সময় নির্ধারন করে। কিন্তু ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ থাকায় শেষ পর্যন্ত ডিএমপি থেকে অনুমতি দেয়া হয়নি।

এর প্রেক্ষিতে শনিবার সংবাদ সম্মেলন করে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিটি ২ সেপ্টেম্বর পালনের ঘোষনা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা, এমএইচ, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ