বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্ব অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সূত্রাপুর উত্তর থানা আমীর রবিউল ইসলাম, সূত্রাপুর দক্ষিণ থানা আমীর দাইয়্যান সালেহীন, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান শিকদার। এছাড়াও সূত্রাপুর থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল পূর্ব সমাবেশে মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন’, ‘জুলাই গণহত্যার বিচার’, ‘বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন’, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিরোধ’, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন’, এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করার”- ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্রগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী শনিবার লংমার্চ কর্মসূচি পালন করা হবে। শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ শেষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাপলা চত্বর থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু হবে।
পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটের অভিমুখে লংমার্চ শেষে ১৪ নভেম্বর শনিবার ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জনগণের গণদাবি আদায়ে সংসদে চেষ্টা করছে। কিন্তু সরকার বারবার গণদাবি উপেক্ষা করেই যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সংসদে গণদাবি আদায় না হলে রাজপথেই আদায় করা হবে।
আগামী শনিবার ৫ সেপ্টেম্বর ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চে অংশগ্রহণ করতে তিনি ঢাকাবাসীকে আহ্বান জানান।
এমএম