প্রধানমন্ত্রীর তহবিল থেকে তোবা গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তোবা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
নোমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রানা প্লাজা, তাজরিন ফ্যাশন বিপর্যয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সংগঠন থেকে ১২৭ কোটি টাকা চাঁদাবাজি করেছেন।
এর মধ্যে মাত্র ২৭ কোটি টাকার হিসেব দিয়েছেন। বাকি টাকা থেকে তোবা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রয়োজনে তহবিল থেকে তোবার মালিকদের ঋণ হিসেবে টাকা দিয়ে শ্রমিকদের পাওনা মিটিয়ে দিন।
৬ আগস্টের মধ্যে বেতন বোনাস না দিলে দেশব্যাপী আন্দোলনের হুমকি দেন নোমান।
বিজিএমইএ সমালোচনা করে নোমান বলেন, বিজিএমইএ শ্রমিক নয়, মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট একটি সংগঠন। তারা শ্রমিকদের স্বার্থ নয় সরকারের স্বার্থ দেখে। শ্রমিকদের পাওনা না দিয়ে লুটপাট করে খায়।
তোবা’র মালিক দেলোয়ার হোসেনকে শ্রমিকদের পাওনা আদায় না হওয়া পর্যন্ত জামিন না দিয়ে জেলে রাখার আহবান জানান তিনি।
নৌ-মন্ত্রী শাহজাহান খানের সমালোচনা করে তিনি বলেন, তিনি সরকার ও মালিক দুই পক্ষের স্বার্থ দেখেন। অথচ শ্রমিকরা ন্যায্য বেতন পায় না।
মানববন্ধনে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. জাফরুল হাসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জরুল ইসলাম প্রমুখ।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





